Previous
পুতুল আর শিমুল দুই ভাইবোন।  পুতুল বড়।  শিমুল ছোট।
একদিন তারা মাঠে ফড়িং আর প্রজাপতি ধরছে।
শিমুল কয়েকটি ফড়িংকে সুতা দিয়ে বেঁধেছে।   প্রজাপতি এখান থেকে ওখানে উড়ে বেড়ায়।
হঠাৎ পুতুল বলে, ঐ যে দূরে আকাশ।   চল আজ আকাশ ছুঁই।   শিমুল বলে, চল যাই।
তারা দৌড়াতে থাকে।  শিমুল বলে, ঐ যে প্রজাপ্রতি।   পুতুল বলে, চল আজ আকাশ ছুঁই।
পথে অনেক বড় একটি গাছ।  শিমুল বলে, চল একটু বসি।   পুতুল বলে, চল আজ আকাশ ছুঁই।
যেতে যেতে রেললাইন দেখে দুজনে দাঁড়াল।   শিমুল বলে, আজ রেলগাড়ি দেখব।   পুতুল বলে, চল আজ আকাশ ছুঁই।
রেললাইন পাড়ি দিয়ে মাঠ, মাঠের পর মাঠ...।   শিমুল বলে, চল ফিরে যাই।   পুতুল বলে, চল আজ আকাশ ছুঁই।
দুপুর গড়িয়ে বিকেল হয়।  বিকেল গড়িয়ে সন্ধ্যা।   শিমুল বলে, কোথায় আকাশ? চল ফিরে যাই।
রাতে সব শুনে মা বলেন, আকাশ ছোঁয়া যায় না।
Next