Previous
লোকালয় থেকে অনেক দূরের এক বন।   বনের শেষে টলটলে জলের এক বিশাল জলাভূমি।   তিন বন্ধু- বাঘ, হাতি আর চামচিকা।   মিলেমিশে তারা বাস করে সেই বনে।
হাতির তিনটে ফুটফুটে বাচ্চা।   সারা বনে তারা মায়ের সাথে ঘুরে বেড়ায়।   জলের কাছে যায়।   শুঁড় দিয়ে একজন অন্যজনের গায়ে পানি ছিটিয়ে ছোটাছুটি করে।   এমনি করে বেশ দিন কাটছিল তাদের।
কিন্তু গাছ কেটে মানুষ বন উজাড় করে ফেলছে।   দিন দিন ছোট হয়ে যাচ্ছে বনের আকার।   দেখা দিয়েছে খাদ্যের অভাব।   কয়েক দিন বনে ঘুরে ঘুরে বাঘ কোন খাবার জোগাড় করতে পারেনি।   খুব খিদে পেয়েছে তার।   কোথাও কোন খাবার নেই।
বাঘ খাবারের কথা ভাবছে।   এমন সময় তার চোখে পড়ল হাতির বাচ্চাগুলো।   মায়ের কাছ থেকে একটু দূরে খেলা করছে তারা।   বাঘ মনে মনে ভাবল, এই বাচ্চাগুলোকে খেতে পারলে খিদে মিটত।   কয়েকদিন আর খাবারের চিন্তা থাকত না।   খেতেও বেশ মজা লাগত।   হাতি তার খুব ভাল বন্ধু।   কী করে তার বাচ্চাগুলোকে খাবে? অথচ খিদেয় পেট চোঁ চোঁ করছে।
বাঘ হাতির কাছে গেল।   বলল, আমার খুব খিদে পেয়েছে, কোথাও খাবার পেলাম না।   তোমার বাচ্চাগুলোকে খেতে চাই।   শুনে হাতি খুব চিন্তায় পড়ল।   বাঘকে বলল, দেখ বাঘ, আমারও খুব খিদে পেয়েছে।   বাচ্চাগুলো দুধ পাচ্ছে না।   কোথাও খাবার নেই।   এ কথা শুনে বাঘ হাতিকে একটা প্রস্তাব দিলো।   চল আমরা জলাশয়ের কাছে যাই।   সেখানে অনেক বক আছে।   আমরা জোরে ডাক দেব।   যদি আমার ডাকে বেশি বক উড়ে যায় তবে আমি তোমার বাচ্চাগুলো খাব।   আর যদি তোমার ডাকে বেশি বক ওড়ে তবে তুমি আমাকে খাবে।
কোন উপায় না পেয়ে বাঘের কথায় রাজি হল হাতি।   প্রথমে হাতি ডাক দিল।   দুই/চারটা বক উড়ে গেল।   এরপর ডাকল বাঘ।   বাঘের ডাকে গোটা বন যেন কেঁপে উঠল।   জলাশয় থেকে সব বক উড়ে গেল।   বাঘ তখন হাতির বাচ্চাগুলোকে খেতে চাইল।
হাতি অনেক অনুনয় বিনয় করে বাঘের কাছ থেকে দুই দিন সময় নিল।   হাতি শুধু ভাবছে কেমন করে বাঘের হাত থেকে বাচ্চাগুলোকে বাঁচানো যায়।   হাতিকে ভাবনায় দেখে চামচিকা তার কাছে এল।   বলল, কি ভাবছো হাতি ভাই? চামচিকাকে হাতি সব কথা খুলে বলল।   চামচিকা বলল চিন্তা করো না।   আমার মাথায় একটা বুদ্ধি আছে।
চামচিকার কথা মত হাতি একটা বড় গাছের নিচে শুয়ে পড়ল।   এক পা একটু উঁচু করে চামচিকা তা গাছের সাথে বেঁধে দিলো।   চামচিকা হাতিকে চুপ করে শুয়ে থাকতে বলল।   হাতি শুয়ে আছে পা উঁচু করে।   চামচিকা লুকিয়েছে তার পেছনে।
পরদিন বাঘ এলো হাতির বাচ্চাগুলোকে খেতে।   হাতিকে অমন করে পড়ে থাকতে দেখে বাঘ তার কাছে এল।   ঠিক তখন হাতির পেছনে লুকিয়ে থাকা চামচিকা বলে উঠলো হাতিটাকে এখন খাব।   এরপর বাঘটাকে খেয়ে প্রাণ জুড়াব।   কথাটা শুনে বাঘ থমকে গেল।
বাঘ মনে মনে বলল, হাতিকে যে খেতে চায় সে না জানি কত বড় প্রাণী।   আবার আমাকে খেতে চাইছে।   বাঘ খুব ভয় পেয়ে দিল দৌড়।   দৌড়ে দৌড়ে বন পেরিয়ে চলে গেল অনেক দূরে।
বাঘের হাত থেকে হাতির বাচ্চারা বেঁচে গেল।   হাতি অনেক ধন্যবাদ দিল চামচিকাকে।   বলল, বন্ধু তোমার জন্য আজ আমার বাচ্চারা বেঁচে আছে।   বল, তুমি আমার কাছে কি চাও?  চামচিকা বলল, তোমার পিঠে আমাকে থাকতে দাও।   হাতি খুশি মনে রাজি হল।   সেই থেকে চামচিকারা হাতির পিঠে থাকে।   তাদের বন্ধুত্ব আজও টিকে আছে।
Next