Previous
অনেক অনেক দিন আগের কথা।   নাসিরনগর থানার চটিপাড়া গ্রামে বুড়ামিয়া সাহেব বাস করতেন।   তিনি ছিলেন একজন সৎ মানুষ।   গ্রামের অনেক মানুষ তাঁর কাছে যেত।   তিনি সবাইকে সব সময় ভালো কথা বলতেন।   আর বলতেন সৎ থাকতে।
একদিন তিনি তাঁর ঘরের দাওয়ায় বসে ছিলেন।   পাশ দিয়েই যাচ্ছিলো একটা ছেলে, তার মাথায় ছিলো ঝুড়ি।   বুড়ামিয়া সাহেব ছেলেটির কাছে জানতে চাইলেন, ঝুড়িতে কি? ছেলেটি মনে মনে ভাবলো, সে যদি বলে তার ঝুড়িতে পাকা কলা, তাহলে বুড়ামিয়া সাহেব কলা চাইতে পারেন।
তাই সে বলল, ঝুড়িতে আছে কাঁচা কলা।   বাজারে নিয়ে যাচ্ছি বেচার জন্য।   এরপর ছেলেটি বাজারে চলে গেলো।   বাজারে গিয়ে ছেলেটি কলার ঝুড়ি মাটিতে নামালো।
ঝুড়ির কলা দেখে তো সে অবাক।   সব কলা কাঁচা! সে হায় হায় করতে লাগলো।   মনে মনে ভাবলো, বুড়ামিয়া সাহেবের কাছে মিথ্যা বলাতেই তার এই দুর্দশা হয়েছে।
তখন ছেলেটি কাঁদতে কাঁদতে বুড়ামিয়া সাহেবের কাছে ফিরে গেল।   বললো, হুজুর আমি মিথ্যা বলেছিলাম।   তাই আমার সব পাকা কলা কাঁচা হয়ে গেছে।   আমাকে মাফ করে দিন।   আমি আর কখনোই মিথ্যা বলব না।
ছেলেটির কান্না দেখে বুড়ামিয়া সাহেবের মায়া হলো।   তিনি ছেলেটিকে মাফ করে দিলেন।   আর বললেন, কখনো মিথ্যা বলবে না, মিথ্যা বলা মহাপাপ।
এরপর ছেলেটি অবাক হলো।   দেখলো, ঝুড়ির সব কলা আগের মত পেকে গেছে।   সে খুশি হলো।   ঝুড়ি নিয়ে আবার বাজারের দিকে চলল।   আর মনে মনে ভাবলো, জীবনে কখনোই মিথ্যা কথা বলবে না।
Next