Previous
এক কৃষকের সাতটি ছেলে।   সাতজনই খুব সরল-সোজা। গ্রামের লোকেরা তাদের বোকা বলে।   তাদের কেউ কাজ দেয় না।   একদিন বাবা তাদের ডেকে বলে , কাজের জন্য তোমরা অন্য গ্রামে যাও।   দেখ কোন কাজ পাও কিনা।
ছেলেরা বাবার কথা মতো কাজের খোঁজে বের হয়।   যেতে যেতে সামনে পড়ে একটা ছোট নদী।   তারা সবাই সাঁতার কেটে নদী পার হয়।   নদী পার হয়ে তারা ভাবে , সবাই পার হয়েছি কিনা গুনে দেখি।   তারপর সবাই একবার করে গোনা শুরু করে।   তবে গুনতে গিয়ে প্রত্যেকেই নিজেকে বাদ দিয়ে গোনে।
ফলে প্রতিবারই একজন কম হয়।   সরল-সোজা ভাইয়েরা ভাবে , এক ভাই বুঝি হারিয়ে গেছে।   তারা সবাই মিলে কাঁদতে থাকে।
এমন সময় ঐ পথ দিয়ে যাচ্ছিল গ্রামের মোড়ল।   ছেলেদের কাঁদতে দেখে সে বলে , তোমরা কাঁদছ কেন ? তারা বলে , আমরা সাত ভাই ছিলাম।   নদী পার হতে গিয়ে এক ভাই হারিয়ে গেছে , তাই কাঁদছি।
মোড়ল মনে মনে ওদের গুনে দেখে।   সে তাদের বোকামি বুঝতে পারে।   ওদের বলে , তোমাদের হারিয়ে যাওয়া ভাইকে খুঁজে দিলে আমাকে কি দেবে ? ভাইয়েরা বলে , আমরা সাত দিন বিনা মজুরিতে আপনার কাজ করে দেবো।
মোড়ল এক এক করে সাত ভাইকে গুনে দেয়।   হারানো ভাইকে পেয়ে তারা খুব খুশি হয়।   মোড়ল বলে , আমি তোমাদের ভাইকে খুঁজে দিয়েছি।   তোমরা এবার তোমাদের কথা রাখ।
ভাইয়েরা তাদের কথা রাখে।   তারা সাত দিন বিনা মজুরিতে মোড়লের বাড়ি কাজ করে।  কেউ ধান কাটে , কেউ ধান মাড়ায়।  আবার কেউবা মাটি কাটে।   ঘর বানায়।   বাগান করে।
সব ভাইই মন দিয়ে কাজ করে।   সব কাজই তারা করে নিজের মনে করে।   তাদের কাজে মোড়ল খুবই খুশি হয়।  তাই সাত দিন পর মোড়ল তাদের কাজের মজুরি দিয়ে দেয়।  সে বলে , এখন থেকে তোমরা আমার বাড়িতেই কাজ কর।   মোড়ল বুঝতে পারে , সাত ভাই খুবই সৎ আর সরল।  তারা কাজ জানে।  কাজ করেও খুব মন দিয়ে।   একটু ভালবাসা আর সহযোগিতা পেলে ওদের মাথা ঠিকই খোলে।   তখন আর বোকামি করে না।
Next