Previous
একবার বন্যায় অপুদের স্কুলের খুব ক্ষতি হয়।
বন্যার পানিতে স্কুলের চারপাশের মাটি ধসে যায়। স্কুলঘরেরও বেশ ক্ষতি হয়।
পরে গ্রামের সবাই মিলে স্কুলটি মেরামত করে।   তারা স্কুলের চারপাশে নানা ধরনের গাছ লাগায়।   স্যার বলেছিলেন, গাছের শেকড় মাটি ধরে রাখে।
এখন স্কুলের চারপাশে নানারকম গাছের সবুজ ছায়া।   গাছে গাছে পাখির বাসা।
গাছের নিচে ছেলেমেয়েরা খেলা করে।   কেউ কেউ ছায়ায় বসে বই পড়ে।
এ বছরও বন্যা দেখা দিয়েছে।   বন্যার পানিতে অনেক ঘরবাড়ি ডুবে গেছে।
কেউ কলা গাছের ভেলা বানিয়েছে।   কেউ আবার নৌকায় চড়ে যাচ্ছে।
কণাদের বাড়িতে তাদের ছোট দাদা এসেছেন।   বন্যার পানিতে তাদের বাড়ি ডুবে গেছে।
অপু কণা ভাবল, তাদের স্কুলটি হয়তো ডুবে গেছে।   তাই তারা বাবার সাথে নৌকা চড়ে স্কুল দেখতে যায়।
স্কুলে গিয়ে দেখে এবার কোন ক্ষতি হয়নি।   অনেক লোক স্কুলে আশ্রয় নিয়েছে।   কেউ কেউ আবার তাদের জন্যে চিঁড়া, মুড়ি ও খিচুড়ি নিয়ে এসেছে।
হঠাৎ অপু দেখে স্কুলের এক কোণে মন্টু খালি গায়ে দাঁড়িয়ে আছে।   বন্যার পানিতে তার জামা কাপড় ভেসে গেছে।   অপুর খুব দুঃখ হয়।
সে তাড়াতাড়ি তার জামাটি খুলে মন্টুকে পরিয়ে দেয়।   সে ভয়ে ভয়ে বাবার দিকে তাকায়।   হয়তো বাবা বকা দেবেন।
কিন্তু না, বাবা খুব খুশি হন।   বাবা আদর করে তার ও মন্টুর মাথায় হাত বুলিয়ে দেন।
Next