Previous
এক গ্রামে বাস করে চার ভাই।   বড় ভাই খোকা।   খোকার সারা বছর অসুখ লেগেই থাকে।   কখনও সর্দি হয়, কাশি হয়।   কখনও জ্বর হয়।   আবার মাঝে মাঝে পেটও ব্যথা করে।   কিছুতেই তার অসুখ ভাল হয় না।   এ নিয়ে সবাই তার ওপর খুব অখুশি।   কেউ তাকে ভালবাসে না।   তাই খোকার মনে অনেক দুঃখ।
খোকা ভাবে, কেউ যখন তাকে ভালবাসে না, তখন এ দেশে আর থাকবে না।   অন্য কোথাও চলে যাবে।   অসুখ ভাল হলে আবার ফিরে আসবে।    যা ভাবা তাই কাজ।   ও বাড়ি থেকে বেরিয়ে পড়ে।
খোকা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়।   বিশ্রাম নেয়ার জন্য একটি কামরাঙা গাছের নিচে বসে।   আকাশের দিকে তাকিয়ে বলে, এ কেমন সর্দি হলো আমার আর যে ভাল হয় না।   শুনে কামরাঙা গাছ বলে, আমার কামরাঙা খাও, সর্দি ভাল হয়ে যাবে।   কামরাঙা খেয়ে খোকার সর্দি ভাল হয়ে যায়।
খোকা আবার হাঁটতে থাকে।   এবার ক্লান্ত হয়ে সে বসে তুলসি গাছের পাশে।   আকাশের দিকে তাকিয়ে বলে, এ কেমন কাশি হলো আমার আর যে ভাল হয় না।   শুনে তুলসি গাছ বলে, আমার পাতা খাও, কাশি ভাল হয়ে যাবে।   তুলসি পাতার রস খেয়ে খোকার কাশি ভাল হয়ে যায়।
খোকা হাঁটতে হাঁটতে গিয়ে বসে আনারস বাগানের পাশে।   আকাশের দিকে তাকিয়ে বলে, এ কেমন জ্বর হলো আমার আর যে ভাল হয় না।   শুনে আনারস বলে, তুমি আমাকে খাও, তোমার জ্বর ভাল হয়ে যাবে।   আনারস খেয়ে খোকার জ্বর ভাল হয়ে যায়।
এবার খোকা গিয়ে বসে এক বেল গাছের নিচে।   আকাশের দিকে তাকিয়ে বলে, এ কেমন পেট ব্যথা আমার কিছুতেই যে ভাল হয় না।   শুনে বেল গাছ বলে, আমার বেল খাও, পেট ব্যথা ভাল হয়ে যাবে।   বেল খেয়ে খোকার পেট ব্যথা ভাল হয়ে যায়।
সব অসুখ ভাল হবার পরে খোকা ফিরে যায় বাড়িতে।   খোকার অসুখ ভাল হয়ে গেছে দেখে সবাই তো ভীষণ খুশি।   সবাই আবার খোকাকে ভালবাসতে শুরু করে।
Next