Previous
এক গাঁয়ে বাস করে সাত ভাই। তারা ঠিক করে বাণিজ্যে যাবে। যাবার আগে সাত ভাই বউদের ডেকে বলে, তোমাদের জন্য কী আনবো? ছয় বউ বলে, আমাদের শাড়ি এনে দিও। ছোট বউ বলে, আমার জন্য শাড়ি আর পিতলের কলসি এনো।
সাত ভাই বাণিজ্যে চলে যায়। ছয় বউ তো ছোট বউয়ের উপর রেগে আগুন। ভাবে, তারা শুধু একটা করে শাড়ি পাবে। আর ছোট বউ শাড়িসহ কলসিও পাবে। সে কেন বেশি পাবে? এটা হতে দেওয়া যায় না। তারা ছোট বউকে সরিয়ে দেওয়ার বুদ্ধি আঁটে।
ছয় বউ মিলে দুই বেদেনিকে ডাকে। বলে, তোমরা কে কী যাদু জান আমাদের জানাও। একজন বেদেনি বলে, আমি মানুষকে পাখি বানিয়ে দিতে পারি। অন্য বেদেনি বলে, আমি মানুষকে ব্যাঙ বানিয়ে দিতে পারি। ছয় বউ মিলে ঠিক করে, ছোট বউকে ব্যাঙ বানিয়ে রাখবে। তাই বেদেনির কাছ থেকে ওরা তাবিজ নেয়।
বড় বউ ছোট বউকে বলে, আয় চুলে তেল দিয়ে দেই। ছোট বউ খুব খুশি হয়। বড় বউ তেল দিতে দিতে ছোট বউয়ের চুলে তাবিজটা বেঁধে দেয়। আর অমনি ছোট বউ ব্যাঙ হয়ে যায়। আর সে লাফিয়ে লাফিয়ে খাটের নিচে গিয়ে ঢোকে।
কিছুদিন পর সাত ভাই বাণিজ্য থেকে ফিরে আসে। ছয় ভাই নিজেদের বউকে শাড়ি উপহার দেয়। কিন্তু ছোট বউকে খুঁজে পাওয়া যায় না। ছয় বউ কেঁদে কেঁদে বলে, ছোট বউকে সাপে কেটেছে। আমরা তাকে নদীতে ভাসিয়ে দিয়েছি।
ছোট ভাইয়ের মন খুব খারাপ হয়। সে ঘরে বসে কাঁদতে থাকে। হঠাৎ সে শুনতে পায় খাটের নিচে ব্যাঙ ডাকছে। সে কান পেতে শুনে বুঝতে পারে ব্যাঙটি যেন বলছে,
সাধু তুমি, গেছিলা বাণিজ্যে-ঘ্যাঙর ঘ্যাঙ
আনছ কলসি, জল ভরবে কে-ঘ্যাঙর ঘ্যাঙ
তোমার ভাবিরা যুক্তি কইরা-ঘ্যাঙর ঘ্যাঙ
আমারে বানাইছে ব্যাঙ-ঘ্যাঙর ঘ্যাঙ
ব্যাঙের ডাকাডাকিতে ছোট ভাইয়ের রাগ হয়। সে ব্যাঙের ডাকে ঘুমাতে পারে না। তাই হাতের গামছা দিয়ে ব্যাঙের গায়ে ঠাস করে দু’ঘা লাগিয়ে দেয়। তাতে ব্যাঙের মাথা থেকে তাবিজটা পড়ে গেলে ছোট বউ আবার মানুষ হয়ে যায়।
বউয়ের কাছে সব শুনে ছোট ভাই অন্য ভাইদের সবকিছু বলে। ভাইয়েরা এই কথা শুনে খুব রেগে যায়। তারা ঠিক করে, ছয় বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে। ছয় বউ ছোট বউয়ের কাছে মাফ চায়। হাসিখুশি ছোট বউ অন্যদের মাফ করে দেয়। তারপর তারা মিলেমিশে বাস করতে থাকে। তবে সেই থেকে ছোট বউয়ের নাম হয়ে যায় ব্যাঙ বউ।
Next