Previous
এক গ্রামে থাকে চার ভাই। তিন ভাই আগেই বিয়ে করেছে। এবার তারা সবাই মিলে ছোট ভাইকে বিয়ে দেয়। ঘরে আসে নতুন বউ।
চার ভাই রোজ সকালে কাজে যায়, আর আসে রাত করে। একদিন ছোট বউ দরজা খোলা রেখেই ঘুমিয়ে যায়। এই সুযোগে চোর ঘরে ঢুকে পড়ে। তারপর খাটের নিচে অপেক্ষায় থাকে, সবাই ঘুমিয়ে গেলেই তবে চুরি করবে।
অনেক রাতে ছোট ভাই ঘরে আসে। জুতা রাখতে গিয়ে দেখতে পায় খাটের নিচে চোর লুকিয়ে আছে। চোর ব্যাটা তা বুঝতে পারে না। ছোট ভাই ভাবে, একা একা চোর ধরা যাবে না। তাই মনে মনে একটা বুদ্ধি আঁটে। তবে তা বউকেও বুঝতে দেয় না।
ছোট ভাই তার বউকে প্রশ্ন করে, আচ্ছা, আমাদের ছেলে কিংবা মেয়ে হলে কি নাম রাখব? ছোট বউ হেসে বলে, আমি জানি না, আপনিই নাম ঠিক করে দেন।
ছোট ভাই বলে, ওদের নাম রাখবো আমার বড় ভাইদের নামে। তারপর বউকে বলে, ছেলেদেরকে ডাকবে কেমন করে? বউ হেসে বলে, আমি ডাকতে পারবো না। তখন ছোট ভাই বলে, ঠিক আছে আমি ডেকে দেখাই। সে জোরে জোরে ডাকতে শুরু করে, এনু মিয়া, আজিজুল, শফিকুল..।
ডাক শুনে পাশের ঘর থেকে তিন ভাই ছুটে আসে। আরও আসে পড়শীরা। দরজা খুলতেই তারা হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ে। সবাই জানতে চায়, কি হয়েছে? ছোট ভাই বলে, খাটের নিচে চোর লুকিয়ে আছে। তখন সবাই মিলে চোরকে ধরে ফেলে।
Next