Previous
বাংলাদেশের একটি নদীর নাম মেঘনা। সে নদীতে বাস করে তিনটে মাছ। একটা মাছের নাম ভেদা। অন্যটার নাম রুই। আর একটার নাম টাকি।
ভেদা মাছের আরেক নাম মেনি। মেনিকে কেউ কেউ রয়না বলেও ডাকে। টাকি মাছের অন্য নাম লাঠি মাছ। রুই মাছের আর কোনো নাম নেই।
মেনি মাছের মনটা ছিল সেদিন খুশিতে ভরপুর। খুশিতে সে সাঁতার কাটে। খুশিতে সে একবার লাফ দেয়। আবার দেয় ডিগবাজি। আবার দেয় ডুব সাঁতার।
এমন সময় তার কাছে আসে টাকি মাছ। সে মেনিকে লাফালাফি করতে দেখে হেসে কুটিকুটি। বলে, ছোট মাছের এত লাফালাফি কেন? শুধু তাই-ই না। অবহেলা করে ভেংচি কেটে বলে,
কোথা যাও ভেদুরি?
খাও শুধু ফেদুরি।
এ কথা শুনে মেনির খুব মন খারাপ হয়। সে ছোট, তাই বলে এত অপমান! ভাবল মেনি। জবাবে সেও বলে,
প্যাকের তলের লাঠিয়ে
ভেদুরি কও আমারে!
এমন সময় রুই আসে সেখানে। মেনিকে দেখে বলে, কোথা যাও মেনি পর্বতা? মেনির মন খুশিতে ভরে ওঠে। রুইকে সম্মান দেখিয়ে মেনিও বলে,
বড় জানে বড়'র মর্যাদা!
মান দিলে মানী হয়,
ছোট বলেই ছোট নয়।
Next