Previous
এক গাঁয়ে থাকে সাত ভাই আর এক বোন। বোনটি খুব সরল সোজা। লেখাপড়া শেখেনি, তাই সব কিছু একটু কম বুঝে। ওর নাম পারুল। একবার সাত ভাই কাজে চলে যায়। আর পারুলকে বলে যায় ঘর-বাড়ি পরিষ্কার করতে।
পারুল কিছু খড় এনে ঘরের মেঝেতে রাখে। তারপর দিয়াশলাই দিয়ে খড়ে আগুন ধরিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই ঘর পুড়ে ছাই। পারুল ছাইগুলো পাশের গর্তে জমা করে। ভাইয়েরা এসে তো অবাক! পারুলকে বলে, কী করেছ এসব? পারুল বলে, কেন ঘর-বাড়ি পরিষ্কার করেছি!
আরেক দিনের ঘটনা। এক ভাই পুকুর থেকে মাগুর মাছ ধরে এনে রান্না করতে বলে। হাঁড়িতে মাছগুলোর লাফালাফি দেখে পারুল বলে, কাঁদছ কেন? মার কাছে যাবে? সবুর কর। আমি তোমাদের মায়ের কাছে নিয়ে যাই। এই বলে সে মাছগুলো পুকুরে ছেড়ে দেয়।
ভাইয়েরা খেতে বসে জিজ্ঞেস করে, কী রেঁধেছ? পারুল বলে, শাক ভাজি করেছি। মাছ রাঁধনি? না মাছগুলো পুকুরে ছেড়ে দিয়েছি। ওরা মায়ের কাছে গেছে। ভাইয়েরা ভাবে, এই বোনকে আর ঘরে রাখা যায় না। বিয়ে দিয়ে বিদায় করতে হবে। তারপর একদিন পারুলের বিয়ে হয়ে গেছে।
পারুলের স্বামী রতনের পোষা একটি বিড়াল আছে। রতন একদিন বাজার থেকে কৈ মাছ কিনে আনে। মনে মনে ভাবে, মজা করে খাওয়া যাবে। পারুল মাছগুলো ভাল করে ভাজে। তারপর গোসল করতে যায়। এই ফাঁকে বিড়াল সব মাছ খেয়ে ফেলে।
এই ঘটনায় পারুল খুব ভয় পায়। স্বামীকে কী জবাব দেবে? সে রাগে বিড়ালের দিকে দা ছুড়ে মারে। দা'র আঘাতে বিড়ালের লেজ কেটে যায়। বিড়াল দৌড়ে খাটের নিচে পালায়।
রতন খেতে বসে জিজ্ঞেস করে মাছ ভাজি করনি। পারুল রতনকে সব খুলে বলে। রতন সব শুনে খুব রেগে যায়। কেননা বিড়ালটি তার খুব প্রিয়। পারুলকে বলে, আজকের মধ্যেই বিড়ালের লেজ জোড়া দিয়ে দিবে। নইলে তোমাকে ভাইয়ের বাড়ি পাঠিয়ে দেবো।
একথা শুনে পারুল আরও ভয় পায়। সে বিড়ালের লেজে হলুদ অ্যার নুনের প্রলেপ দিয়ে কাপড় বেঁধে দেয়। আর তাড়াতাড়ি ঘা শুকানোর জন্য বিড়ালকে চুলার পাশে বসিয়ে রাখে।
চুলার তাপে হঠাৎ করে বিড়ালের লেজে আগুন লেগে যায়। পারুল যতই বিড়ালকে ধরতে যায়, ততই বিড়াল এ ঘর থেকে ও ঘরে ছুটে বেড়ায়। এভাবে ছোটাছুটির ফলে সারা ঘরে আগুন ধরে যায়। চোখের পলকে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। পারুল কাঁদতে থাকে।
পারুলের কান্না দেখে রতনের দুঃখ হয়। সে ভাবে, পারুলকে এভাবে বলা তার ঠিক হয়নি। সে খুব সরল। পারুলের সরলতা তার কোনো দোষ না। সরল মনের মানুষদের ভালোভাবে বোঝাতে পারলে তারা খাঁটি মানুষ হয়ে ওঠে। রতন পারুলকে যত্নের সাথে তার ভুলগুলো শুধরে দেয়। তারা তারপর থেকে সুখে বসবাস করে।
Next