Previous
গোল করো না, গোল করো না, পেঁচা ঘুমায় ওই কাঠবাদামের গাছে কারা করে হৈ-চৈ
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
ভনভনিয়ে বাজার বসায় মৌমাছিদের দল
কানের কাছে কেবল করে ভন-ভন... ভন-ভন...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
কুটকুটিয়ে বাদাম খোঁটে কাঠবিড়ালি এক
কানের কাছে কেবল করে কুটুস-কুটুস... কুট...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
কাক্কাকিয়ে জোড়ায় বসে ঝগড়া বাধায় কাক
কানের কাছে কেবল করে কা-কা... কা-কা...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
ঠুকঠুকিয়ে ঠোঁট ঘষটায় কাঠঠোকরা এসে
কানের কাছে কেবল করে ঠুক-ঠুক... ঠুক-ঠুক...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
পিত্পিতিয়ে পাপিয়া আসে পাখনায় গান নিয়ে
কানের কাছে কেবল করে পিউ-কাঁহা... পিউ-কাঁহা...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
ফ্যাসফ্যাসিয়ে কাশতে থাকে মুনিয়া গোটা তিন
কানের কাছে কেবল করে কিরিটি-চিরিটি... কিচ...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
টুমটুমিয়ে উড়ে এসে দুইখানা টুনটুনি
কানের কাছে কেবল করে টুইট-টুইট... টুই...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
কলকলিয়ে কোকিল এসে সাধতে বসে গলা
কানের কাছে কেবল করে কুউউ... কুউউ… কু
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
চিলচেঁচিয়ে চূড়ায় বসে নীলগলা এক পাখি
কানের কাছে কেবল করে চু-কিত-কিত... কিত...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
চিরপিরিয়ে চপল পায়ে আসে চড়ুই-ঝাঁক
কানের কাছে কেবল করে চিরিপ্-চিরিপ্... চিপ্...
আয়েশ করে ঠিক যখনই ঘুমাতে যায় পেঁচা,
গুবগুবিয়ে ঘুঘু এসে ঘাপটি মেরে বসে
কানের কাছে কেবল করে ঘুগরোও... ঘুগরোও... ঘু
এমনিভাবে বনের দেশে আঁধার নেমে আসে
কাঠবাদামের গাছের মাথায় গোলমোল চাঁদ ভাসে।
সারাদিনের সব কোলাহল হয়ে যায় সুনসান
ফুরায় যত ঝগড়া-বিবাদ পাখির কলতান।
কোনোই আওয়াজ নেই যখন
আয়েশ করে ঘুমাতে যায় বনের সকল পাখি
ঠিক তখনই পেঁচা হাঁকায় গমগমে গরজন
আর ঘুমছুট পাখি করে মহাডাকাডাকি।
Next